জল অথবা আয়না

Water lily at dusk, Low Dam

“মনে রাখার চেয়ে ভুলে যাওয়া কঠিন।”

“তাই!”

“এইবার চোখ বন্ধ করে আমার হাতে হাত রেখে বলো আমি তোমাকে ভুলে যাব।”

রাশাত চোখ বন্ধ করে আমার হাত দুটো খুঁজে নিল। শক্ত করে ধরে বিড়বিড় করে বলল , 

“কণা,আমি তোমাকে মনে রাখতে চাই।জন্ম জন্মান্তর  মনে রাখতে চাই।”

শুনে আমি মাথা নিচু করে হাসলাম।আমার চোখের ভেতরে গুনে গুনে দু ফোঁটা একুয়াস হিউমার তৈরি হয়েছে।

দু ফোঁটার বেশি কখনো তৈরি হয়না । তৈরি হতে দেইনা।

মিনিট পনের আগের কথা। কাঁধটা ব্যথায় টনটন করছে। ভারী ব্যাগটা রাশাতের কাঁধে তুলে দেয়া উচিত ছিল তখনই।

আমি তুলে দেইনি।

যেসমস্ত পুরুষের কাঁধে প্রেমিকার ব্যাগ থাকে তাদের কেন জানি আমার ছাগল মনে হয়।

বাড়ি থেকে পালানর পরবর্তী ধাপ হিসেবে কাজী অফিসের দিকে রওয়ানা দেয়া উচিত ছিল। 

কিন্তু আমি তা না করে রাশাতের দিকে তাকিয়ে ছিলাম। তাকে বিভ্রান্ত দেখাচ্ছে।

কেন জানি মনে হচ্ছে সে দোটানায় ভুগছে।

তার জন্য আমার হঠাত্‍ করে মায়া হতে লাগল।

“রাশাত তোমার কি কোন কারনে কষ্ট হচ্ছে?”

রাশাত আমার দিকে চেয়ে একটু হাসার চেষ্টা করল। ওর মুখ লাল হয়ে আছে ।

“কনা,আমার একটু নার্ভাস লাগছে।”

বলতে না বলতেই হঠাত্‍ বসে পড়ে হড়হড় করে বমি করে ফেলল ও । আমি স্থির তাকিয়ে রইলাম।  আমার দিকে ফিরে একটা শুকনো হাসি দিল সে।  হাত কাঁপছে । কাঁপা কাঁপা হাতেই আমার শাড়ির আঁচল মুঠোয় চেপে ধরল। তারপর ফ্যাকাশে মুখে আবার হাসতে চেষ্টা করল । আর সাথে সাথে চোখ মুখ উল্টে আবার বমি। 

কাঁধের ব্যাগসহ  উবু হয়ে বসে আমি ওকে জড়িয়ে ধরলাম। রাশাত ছোট্ট শিশুর মত ফুঁপিয়ে উঠে আমার কাঁধে মাথা রাখল । ওর ঠোঁটের কোনায় লেগে থাকা তরলে আমার কাঁধের আঁচল ভিজে গেল। আমি শুনতে পেলাম রাশাত বিড়বিড় করছে,তমা আমি তোমাকে মনে রাখব। তমা আমি তোমাকে মনে রাখব .. 

“রাশাত!”

আমি নরম গলায় ডাকলাম ।

সে মুখ তুলে তাকাল।চোখ টলটল করছে।

“তমা দেখতে খুব সুন্দরী?”

রাশাত একটু বিভ্রান্তি নিয়ে তাকিয়ে রইল দু সেকেন্ড । তারপর বলল,” কি জানি!”

“শোন তমা মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করছে হঠাত্‍। একদিন দেখাবে?”

“তমা  .. তমা ..”

রাশাতের চাহনিতে কেমন একটা অস্বস্তি।


তমাকে আমি চিনিনা । ছবিতে দেখেছি শুধু। সম্পর্কে রাশাতের মামাত বোন। গত মাসে সুইজারল্যান্ড থেকে দেশে বেড়াতে এসেছে। 

রাশাতের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে পরশুদিন। রাশাত বাবা মায়ের চিরবাধ্য সন্তান। বাবা মা যা বলে তাই করে এসেছে সারাজীবন ।  শুধু দুবছর আগে বাবা মাকে না জানিয়ে আমাকে প্রেম নিবেদন করে বসেছিল এই আর কি। আমাদের দুজনের প্রথম কথা হয়েছিল ভার্চুয়াল একটা দুনিয়ায়। আর দেখা হয়েছিল বাস্তব পৃথিবীর  একটা সস্তা ক্যাফেটেরিয়ায়।

 আর সে যখন আমাকে প্রেম নিবেদন করছিল তখন আমি চোখ বড় বড় করে একটা ডিঙি নৌকার পাটাতনের উপরে বসেছিলাম। ভরা নদী। মাথার উপর আধফালি চাঁদ। শুনশান বাতাস।রহস্যময় কারো কন্ঠে এলকোহলিক প্রেম নিবেদন। আমার কি যেন হয়ে গেল। আমি সব ভুলে গেলাম। ভুলে গেলাম আমি পরিবারের বড় সন্তান , হুজুগে প্রেমে গা ভাসানো আমার জন্য আসেনি। ভুলে গেলাম আমার পায়ের তলায় মাটি নেই। 

সব ভুলে আমি রাশাতের বুকে মাথা গুঁজে দিলাম। আমার মনে হল ওর বুকে আমার জন্য এক পৃথিবী মমতা। আমার জন্য অসীম ভালবাসা। আমার মত নিঃসঙ্গ মানবীর বেঁচে থাকতে তার অল্পখানিই দরকার।


তারপর দুবছর পর সেদিন রাশাত যখন মুখ কাল করে বলল ,” আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে  ।আমি শুনে মুখ শক্ত করে বলেছি , সমস্যা নেই । আমরা বাড়ি ছেড়ে পালাব।”

সে অবাক হয়েছে আমার সাহস দেখে। ইতস্তত করে বলেছে ,” বাবা মা কষ্ট পাবে।”

আমি তখন কাঠের মত মুখ করে বলেছি ,”ঠিকাছে। সমস্যা নেই। আমি পহেলা ফাল্গুন ঠিক দুপুর তিনটায় এইখানে এই নদীর পাড়ে এসে দাড়িয়ে থাকব। তুমি আসলে আসবে না আসলে নাই। সন্ধ্যা নামলে আমি নদীতে গোসল করতে নামব। ভরাপূর্ণিমায় নদীজলে শেষবার অবগাহন হবে কি বলো?”

 রাশাত অসহায়ের মত মুখ করে আমাকে  দেখতে দেখতে শিউরে উঠে। আমি টের পাই সে অস্বস্তিতে পড়ে গেছে আমার জন্য। তারপর আমি কাঠকাঠ হয়ে রিকশা খুঁজতে থাকি। 

মানবীর চোখ দু ফোঁটা কান্না আড়াল করতে পারে তার  বেশি পারেনি কখনো।


“তুমি তমাকে অনেক ভালবাসো?”

রাশাত ফ্যাকাশে মুখে মাথা নাড়ে । আস্তে করে বলল , ছোটবেলা থেকে ।

“তুমি আমাকে কখনো ভালবাসনি তাই না?”

আমি হাসিহাসি কন্ঠে প্রশ্ন করি ।

এইবার যেন সে একটু আহত হয় ।

“ভালবাসি । তোমাকে আমি ভালবাসি। বন্ধুকে যেভাবে ভালবাসা যায় তেমন করে ভালবাসি!”

আমি হাসি হাসি মুখ করে বললাম ,”আচ্ছা যখন আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে তখনো বন্ধুর মত ভালবেসেছ তাইনা?”

রাশাতের চেহারা ছাইবর্ণ হয়ে গেল আর হঠাত্‍ অদ্ভুতরকমের এক শান্ত কন্ঠে বলল,”মানছি আমি ভুল করেছি। তমা যখন আমার চিঠির উত্তর না দিয়েই চলে গিয়েছিল আমি একা হয়ে পড়েছিলাম । তুমি আমার জীবনে না এলে আমি হয়ত নষ্ট হয়ে যেতাম । আমাকে ক্ষমা করো। দোহাই তোমার। তুমি কি চাও বলো? যা চাও তাই দেব। শাড়ি গয়না গাড়ি বাড়ি কি চাও বলো?”

আমি হাসি মুখে তাকিয়ে রইলাম। 

কি চাওয়া যায় ভাবছি। গহনা চাই? কয়েকশভরি স্বর্ণালঙ্কার? আমার তিনপুরুষ বসে বসে খাবে। নাকি শাড়ি চাইব। শাড়ি আর জড়োয়া গহনা। একটা বাড়িও যে দরকার ছিল। কি যে চাওয়া যায় ধুর!

অনেক আয়োজন করে বৌ সেজে এসেছিলাম আজ। 

মায়ের সবচে ভাল শাড়িটা আমার পরণে,ছোট বোনের শখের  কানপাশা দুই কানে,আর হাতভর্তি সস্তা চুড়ি। 

“তুমি ফিরে যাও!”

আমি আস্তে করে বলে উঠি।

সে চমকে উঠে।

“ফিরে যাব?”

“তমা হয়ত তোমার জন্য অপেক্ষা করছে।”

রাশাত ইতস্তত করতে থাকে।  

তার চোখে একটা কৃতজ্ঞতার ছাপ । 

“কিছু চাইলেনা?”

ডান হাতটা ধরে রেখেছিলাম তখনো। 

নিঃশব্দে হাতটা ছেড়ে দিতে দিতে আনমনা হয়ে বললাম,”একটা ফানুস এনে দিতে পারো ? আমি কখনো ফানুস ওড়াইনি।”

“ফানুস কোথায় পাব!”

“তাইতো! তবে থাক! “

“রিকশাভাড়া আছে?”

আমি হাসিমুখে মাথা নাড়ি।

পকেট থেকে হাজার খানেক টাকা বের করে কাঁপা কাঁপা হাতে দ্রুত আমার হাতে ধরিয়ে দিল রাশাত। আর হঠাত্‍ হাটতে শুরু করল। পালাচ্ছে? আমি মত বদলাই যদি?

আচ্ছা অনেক বেশি কষ্ট পেলে মানুষ কেন জলের কাছে যায়? জল বুঝি একটা আয়না? 

আমি টাকা হাতে নিয়ে স্থির দাড়িয়ে থাকি।কত কিছু হয় এই টাকায়। 

একটা ফানুস হয়না?

 কিংবা আর একটা বিকেল?