স্টেশন

blue and red galaxy artwork

বৃষ্টির ঝাপটায় কদম আলীর চায়ের দোকানে ফুটন্ত কেতলী ঠান্ডা হয়ে গেছে। তিনি বিড়বিড় করতে করতে স্টোভ ধরাতে ব্যস্ত হয়ে পড়লেন।সূর্য দেখে সময় ঠাহর করতে পারেন কদম আলী। আজ সারাদিন সূর্য ওঠেনি।এখন তাই বুঝে উঠতে পারছেন না বেলা কতখানি পড়ে এল।ঝুম্ঝুম বারিষ নেমেছে ঘন্টা খানেক হলো। বেঞ্চিতে গত দেড়ঘন্টা যাবত ষোল সতের বত্‍সরের এক কিশোরী বসে আছে।

কদম আলী অস্বস্তিতে পড়ে গেছেন ।তার এক চোখে ছানি পড়েছে অন্য চোখে পাওয়ারী চশমা। চশমার পাওয়ার আরো বাড়াতে হবে কেননা গত কিছুদিন যাবত এই পাওয়ারী চশমায়ও কদম আলী ঝাপসা দেখছেন।ঝাপসা চোখে মেয়েটাকে দেখে কদম আলী চমকে গেছেন।শুনশান দুপুরবেলায় এমন পরীর লাহান ফুটফুটে মেয়েটা তার দোকানে এসে বসেছে।কোন কথাবার্তা কিছু নাই একদৃষ্টিতে কই জানি তাকায়ে আছে। আজ একদমই কাস্টমার নাই দোকানে।দু একজন এসেছে মেয়েটাকে দেখেও কিছু জিজ্ঞেস করেনি।কিন্তুক পাড়ার বাটপার পোলাগুলো চা সিগারেট খেতে আসে সন্ধ্যা বেলায়।আসলে মেয়েটাকে যদি কিছু বলে টলে এই আশংকায় কদম আলী ঘনঘন আসমান দেখছেন। কিন্তু সময় ঠাহর করতে পারছেন না। রাস্তা ধরে একটা দুইটা রিকশা চলে যায় কিছুক্ষন পরপর । বৃষ্টি নামতেই রিকশার সংখ্যা আরো কমে গেছে।

মাগো আম্নে কেগো মা? কোনথে আইছেন ? কই যাইবেন?

শেফা চমকে উঠে তাকাল। এতক্ষন ধরে সে চুপচাপ বসে আছে চায়ের দোকানদার যে তাকে প্রশ্ন করতে পারে এটা তার মাথাতেই আসেনি ।

আহা মাইয়াডা বোধয় ডরাইছে ! জবান বন্ধ হয়ে গেছে ডরে। কদম আলী মনে মনে ভাবে।

থাক বইছে বহক। বেঞ্চিতো আর ঘুনে ধরতেছেনা।

কদম আলী সুর করে সুরা ইখলাস পড়তে থাকেন।

শেফা একমনে দূরের ভাঙা চোরা দালানটার দিকে তাকিয়ে আছে।

চায়ের দোকানদার বৃদ্ধার সূরা ইখলাসের প্রত্যেকটা শব্দ তার বুকে এসে লাগছে। সন্ধ্যাবেলায় ওর ছোট ভাইবোন গুলো আরবী পড়তে বসে। আব্বা একটা খাটিয়ায় বসে কাঁচা বাঁশের বেত হাতে করে ওদেরকে সপাং সপাং মারতে থাকেন কোন বানান ভুল করলে। আরবী পড়ানো শেষে আব্বা সুর করে সূরায়ে ইখলাস পড়েন। পড়ার ঘর থেকে তা শুনতে শুনতে শেফার কেমন জানি করে উঠে বুকের ভেতর।

কদম আলী হঠাত্‍ করে মেয়েটাকে কাঁদতে দেখে চমকে উঠে চাইলেন ।

তার শ্রবণশক্তি এখনো বেশ ভাল। বৃষ্টি আর মানুষের কান্নার শব্দ আলাদা করতে পারে।

মাগো কান্তাছো ক্যান মা?

শেফা কাঁদতে কাঁদতে ফোঁপাচ্ছিল। প্রশ্ন শুনে ফোঁপানি থেমে গেল ওর ।

চা খাইবা ?

শেফা মুখ ফিরিয়ে মাথা নাড়ে। সে চা খাবেনা ।

কদম আলী অস্বস্তি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন।


– শেফা,আমার অনেক অসুখ।

দরজার চৌকাঠে শেফার পা থেমে গেল। বান্ধবী রেহানার কাছ থেকে অংক নোটখাতা নিতে এসেছিল। এসে দেখে বাসার দরজা খোলা। শেফা ভেবেছিল বাসায় কেউ নেই। রেহানাদের পলেস্তারা খসা ভাড়া ঘর। একটা পুরনো দিনের ছাপ বাসাটায়। শেফা প্রায়ই আসে রেহানাদের বাসায়। 

শেফা অনেক লাজুক একটা মেয়ে। কখনো কোন ছেলেদের দিকে ভুলেও তাকায়নি। শুধু রেহানার বড় ভাই শফিক যখন দুজনকে অংক করাতে বসে শেফা অবাধ্য দুই চোখ বড় বড় করে তাকিয়ে পলকহীন দেখতে থাকে মানুষটাকে। নিঃশ্বাস ফেলতে পারেনা হঠাত্‍ হঠাত্‍। শফিক ভাইয়ের গালে খোঁচা খোঁচা দাঁড়ি । রেহানাদের বারান্দার ষাট পাওয়ারের লাইটের আলোয় শফিক ভাইকে বড় সুন্দর দেখায়। শেফা এই অনুভূতি নিয়ে বিব্রত হয়। চাপা কষ্টে হঠাত্‍ হঠাত্‍ ওর মরে যেতে ইচ্ছে করে।

– শেফা আমার অনেক অসুখ।

শেফার পা থেমে গেল। 

অনিচ্ছাসত্ত্বেও দুর্বার আকর্ষণে সে চোখ ফেরায়।

– কি অসুখ আপনার? গলা কেঁপে ওঠে ওর।

শফিক হাসল। ওর ফর্সা গালে টোল পড়ে হাসলে।

জ্বরের ঘোরে একটা শেফাকে ওর দুইটা শেফা মনে হচ্ছে।

শেফা নিজের অজান্তেই কাছিয়ে আসে। 

– হাতটা ধরে দেখনা । অনেক জ্বর।

শফিক হাত বাড়িয়ে দেয়।

শেফার বুকের ভেতর অস্থির একটা অনুভূতি। মানুষটার চোখে কী যেন আছে! 

শেফা কাঁপা কাঁপা হাতে হাতটা ধরার চেষ্টা করে। শফিক জ্বর জ্বর দৃষ্টিতে মেয়েটাকে দেখতে লাগল। বোকা মেয়েটার চোখে পানি। আহা মেয়েটা বুঝি তাকে অনেক ভালবাসে? আহারে!


অন্ধকার ঘনিয়ে আসবে একটু বাদে।

শেফার চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে।

– আমার দিকে তাকাওতো একটু। আমাকে বিশ্বাস হয়না?

– জানিনা। শেফা অস্ফুটস্বরে বলে।

শফিক ব্যথায় ছটফট করে।

– বুঝতে চেষ্টা করো শেফু।হঠাত্‍ একটা দূর্ঘটনাতো ঘটতেই পারে।

– তুমি বিয়ে করবে কিনা বলো?

শফিক শান্ত চোখে তাকায়। ভীত মেয়েটাকে তার ভেতরটাতে ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু সে পারছেনা। 

– আমাকে একটু সময় দাও। বাবু আমরা নেব। বিয়ের পর নেব। এখন ও আসলে সবাই ওকে খারাপ বলবে। তোমাকে খারাপ বলবে। আমার চালচুলা নাই। তোমার বাবা জীবনেও মেনে নেবেনা আমাকে। আর আমার আব্বা টের পেলে আমাকে কুপিয়েই মেরে ফেলবে। একটা চাকরী পাওয়া পর্যন্ত ধৈর্য ধরো প্লিজ। তুমি কাছে আসো। আমার কি খারাপ লাগছেনা? 

শেফাকে জোর করে বুকে টেনে নিল শফিক। ওর চোখে পানি এসে যাচ্ছে বারবার।মানুষ এত অসহায় কেন!


শেফা উঠে দাড়াল।বৃষ্টি থেমেছে।

ওকে এখন অনেক দূরে যেত হবে। কোথায় যাবে জানেনা ও।সন্ধ্যায় ট্রেনে উঠবে।হুট করে কোন একটা অচেনা স্টেশনে নেমে যাবে ।

মেয়েটা উঠে দাড়াতেই কদম আলী চকিত চাইল।

– কিগো মা কই যান? আপনের কি অইছে মা? আমারে কন মাগো ।

– কিছু হয়নাই চাচা। যদি বেঁচে থাকি আবার একদিন আসব। আপনার দোকানের চা খাব।

শেফা চোখ মুছে হাসল।

সে দূর থেকে দেখতে পাচ্ছে শফিক পাগলের মত ওকে খুঁজে বেড়াচ্ছে । বাবা জায়নামাযে বসে চুপচাপ কাঁদছে। মা হাত বাড়িয়ে ডাকছে ,শেফারে মা কই গেলি?

শানু আর তানভীর এতক্ষনে ভদ্র ছেলেমেয়ের মত পড়তে বসে গেছে। ওদের বড়পা নেই। আজ রাতে কেউ ওদেয়কে গল্প বলবেনা এ নিয়ে নিশ্চয়ই ওদের দুঃখ হচ্ছে অনেক ।

বৃষ্টির পানি জমেছে রাস্তায়। 

পিছনে চায়ের দোকানটা বিন্দুতে ফেলে পানিতে পা ডুবিয়ে সে হাঁটতেই থাকে। স্টেশন বেশি দূর নয়।গন্তব্য যদিও অজানা!

শেষকথা-

স্টেশনে ঢোকার রাস্তাটায় প্রচন্ড ভীড়।বৃষ্টিতে ভিজছে ব্যস্ত স্টেশন। হঠাত্‍ কেউ একজন ভীড় থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে শেফাকে জড়িয়ে ধরে পাগলের মত চিত্‍কার করে কেঁদে উঠল!

শফিক ঠিক জানেনা কেন সে এই রাস্তাটায় গত ছয়ঘন্টা যাবত দাড়িয়ে আছে!

শুধু জানত বোকা মেয়েটা এখানটায় আসবে।নিশ্চয়ই আসবে।