মৌন মেঘে

asperitas dark clouds in gloomy sky

রাবু কিছু একটা বিড়বিড় করল। গালে হাত দিয়ে বসে আছে। ডান গাল ফেটে রক্ত গড়াচ্ছে। টাটকা রক্তে একধরনের নোনা গন্ধ থাকে। গন্ধটা ওর মাথায় ঝিম ধরিয়ে দিচ্ছে।

এক ফোঁটা… দু ফোঁটা।

দশ মিনিট আগের কথা

“শুয়োরের বাইচ্চা দরজা খোল।”

“না, আমি যাব না।”

“তোর ঠ্যাং কাডি য়ালামু সাফ। দরজা খোল কইতেসি।”

রাবু দাঁতে দাঁত চেপে দাড়িয়ে আছে। না দরজা খোলা যাবেনা।

“আব্বা, আপনে চলি যান। আমি যামু না। দরজা খুলমুনা।”

“নটীর বাইচ্চা নটী বাইর হ। “

রাবুর বেদম কান্না পেয়ে গেল। ছিঃ কী বিশ্রি ভাষা। যুইয়ের বাবা হুমায়রার বাবা কখনো ওদেরকে নটি ডাকবে? ছিঃ!

“আমার ভাল একডা জামা নাই, কানের দুল নাই, লেপেস্টিক নাই আমি বিয়াত যামুনা।”

বাবার চেঁচামেচি আরো বেড়ে গেল।

“মা*র ঝি মা* ঠোঁডে রং মাখি কি বেডা চাইতে নে যাইবি। কাশেমের মা তোর মাইয়ারে দরজা খুইলতে ক।”

মা ভয়ে ভয়ে দরজা নক করলেন।

“মাগো, দরজা খোল মা! ও মা! মা রে!”

রাবুর হাউমাউ করে কান্না পেয়ে গেল। মা এত আদর করে ডাকছে কেন? মনে হচ্ছে ত্রিভূবনে মায়ের কেউ নাই। কেউ না।

রাবু কী করে বিয়েতে যাবে? বিয়েতে ওর খালাত মামাত ভাইবোনরা আসবে।  কত সুন্দর সব কাপড় চোপড় পরে আসবে। ওর জামা দেখে নাক সিটকাবে। শাহেদ ভাই আসবে। রাবু গতবারের মত নিজের মলিন জামাকাপড় সাজসজ্জা নিয়ে মাটিতে মিশে যাবে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারবেনা।

শাহেদ ভাই রাবুর দূরসম্পর্কের মামাত ভাই।

মিশু খালার বিয়েতে শাহেদ ভাইয়ের ছোটবোন ওরই সমবয়সী মনি ওর সাথে ছবি তুলতে চায়নি। বলেছিল, “রাবু তোর গেটআপ ঠিক নাই। আমি ফেসবুকে ফটো এলবামে দিতে পারবনা। তোকে আমাদের শিরিনের মত লাগতেছে।”

শিরিন মনিদের বাসায় কাজ করে।

রাবু অনেক আগ্রহ নিয়ে ছবি তুলতে দাড়িয়েছিল। মনির কথা শুনে টুপ করে সব আগ্রহ নাই হয়ে গেল। সে জোর করে ঠোঁটে হাসি ফোঁটাতে ফোঁটাতে ঠোঁট উল্টে বলল,”ধুর,এইসব ছবিটবি তুলতে আমারো ভাল্লাগেনা! এজন্যই সাজগোজ করে আসিনি।”

শাহেদ ভাইয়ের সামনে অস্বস্তি আর লজ্জা কাটাতে একগাদা মিথ্যে বলে ফেলল রাবু।

“বুঝলি,আমার বাসায় ম্যাচ করা সব কাপড়চোপড় জুতা পড়ে আছে। আমার সাজগোজ ভাল লাগেনা। আব্বা তো গতমাসে চারজোড়া জুতা কিনে দিল। একটাও পরিনা। সারাদিন বই নিয়ে থাকি এত সাজগোজের টাইম থাকে বল?

আর মা তো নীএকটা শাড়ি বের করে দিল আসার সময় আমিই পরতে চাইনাই। আমাদের দুইটা আলমিরাতো শুধু মায়ের শাড়ি দিয়েই ভরা!”

মনি বোধহয় ওর কথা শুনতে শুনতেই একবার ওর জুতার দিকে তাকাল তারপর অদূরে বসে থাকা ওর মায়ের শাড়িটা দেখল। তারপর অন্য কাজিনদের দিকে ফিরে মুখ টিপে হাসল।

ওর হাসি দেখে রাবু শিটিয়ে গেল! ও ফিরিস্তি দিতে চাইছিল আরো। ওরা কেউ ওকে পাত্তাই দিলনা।

নিজেরা নিজেরা হাসাহাসি গল্প করতে করতে ছবি তুলতে শুরু করল।

শাহেদ ভাইয়ের ডিএসএলআর ক্যামেরাটায় ছবি তুললে নাকি একটা মডেল মডেল লুক আসে। মডেল লুক কী জিনিস? রাবু জানেনা।

রাবু একপাশে সরে এল। বিয়েবাড়ির আলোকসজ্জা, পরীর মত ফকফকা মেয়েদের ভিড়  সরিয়ে একপাশে পাঁচিলের কিনারে এসে অর্কিড গাছটার ফুল গুনতে শুরু করল।

লাল, নীল,হলুদ সবুজ… আরে এই পাশের ফুলটা কেমন সাপের মত পেঁচানো!

 “তোকে আমাদের শিরিনের মত লাগতেসে!”

কেন রাবুর চেহারা কি দেখতে খারাপ? ওসব আটা ময়দা মাখেনি বলে?  শাহেদ ভাইও হাসছিল। ছিঃ রাবু ছিঃ!

রাবু লুকিয়ে রইল সবার আড়াল হয়ে। অনুষ্ঠানের আলোক সজ্জা ঝাপসা হয়ে গলে গলে পরতে লাগল। বিয়ে বাড়ির আনন্দ  তাকে আর এক ফোঁটাও টানল না। চোখটা ঘন ঘন মুছল আর সবার হা হা হিহি শুনতে লাগল এক কোনে বসে বসে।

রাবুর বড় ভাই কাসেম ওকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে এসে রাবুর নাম ধরে ডাকছিল বারবার।

পাঁচিলের একপাশে রাবুকে কাঁদতে দেখে ছুটে এল

“বুড়ি কানতেছিস কেনরে?”

“কই কান্দি?”

রাবু তাড়াতাড়ি চোখ মুছে ফেলল।

কাসেম মন খারাপ করে বোনের মাথায় হাত রাখল।

অমনি রাবুটা হুড়মুড় করে ভেঙে গেল।

“তরে কেউ কিছু কইসে?”

“আমারে নাকি কাজের মাইয়ার  মত লাগে!”

“কে কইসে?”

“মনি।”

“হেতিরে তো খাটাইশের মত লাগতেসে!  পুরা ময়দার প্যাকেট!”

রাবু হিহি করে হেসে ফেলল।

ভাইয়া ওর পিঠে চাপড় মেরে বলল, মিঠা পান খাবি?

“হুম!”

“আয়!”

বলে টানতে টানতে ওকে নিয়ে গেল। ভাইয়ার সাদা পাঞ্জাবিতে ইয়া বড় ঝোলের দাগ ।  গত ঈদে বড় চাচীর বাসায় মাংসের বাটিটা ভাইয়ার কোলে পড়েছিল।

মা কতবার কাঁচল তবু দাগ যায়নি।  আর সেই ঝোলের দাগওয়ালা পাঞ্জাবিটা পরে পাগলাটা মহাআনন্দে ঘুরে বেড়াচ্ছে।

রাবুর কি আর মন খারাপ করে থাকা উচিত ছিল?

কিন্তু আজকে রাবু কোথাও যেতে চায়না। আব্বা কেন বোঝেনা ওর ও প্রেস্টিজ আছে। আব্বার মত লুঙ্গি পরে যেখানে সেখানে রাবু চলে যেতে পারে?

রাবু দরজা খুলবেনা। কিছুতেইনা। দরকারে সিলিং ফ্যানে ওড়নাটা বেঁধে… …

পরের বার যতবার রাবুর সাথে ওদের দেখা হলো মনি হাসতে হাসতে বলেছে,”কিরে রাবু তোর চারজোড়া জুতা একলগে পরে আসিস নাই কেন? তোর মায়ের শাড়িটা কত নাম্বার আলমিরার রে?”

সবাই হাসি তামাশা করেছে। রাবুর বুকের ভেতরে কান্না আটকে ছিল।

রাবু ওদের সামনে আর কক্ষনো যেতে চায়না।

মনে আছে শাহেদ ভাই সেই অনুষ্ঠানে করবী আপুর সাথে খুব গল্প করছিল। দুজনেইত ও লেভলে পড়ে, একই কলেজে। গল্প করতে করতে শাহেদ ভাই সবার সামনে করবী আপুর শাড়ির প্রশংসা করল। চোখের লেন্সের প্রশংসা করল।

করবী আপু হলো মনিদের চাচাত বোন।

রাবু সেদিনের পর থেকে প্রতিরাতে একটা বালিশ বুকে চেপে ধরে চোখের পানি ফেলে। শাহেদ ভাই করবি আপুর প্রশংসা করেছে এটা সে ভুলতে পারেনা। ভিতরে জ্বালাপোড়া হয়!

রাবু শাহেদ ভাইর সামনে যেতে চায়না!

কতবার কল্পনা করেছে — কোন এক অনুষ্ঠানে রাবুর গায়ে তখন ঝলমলে কাতান শাড়ি, বাহারী কানের দুলা, গলায় সোনার লকেট, চোখে কাজল,মাশকারা, ব্লাশার না কী যেন বলে ওইটা দিয়ে গাল দুটো টুকটুকে লাল হয়ে আছে, চুলগুলো খোঁপা করা আর তাতে গোলাপ-রজনীগন্ধার মালা জড়ানো।  পরীর মত সুন্দর লাগছে রাবুকে। সবাই মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে আছে। শাহেদ ভাই এগিয়ে এলো। ক্যামেরাটা হাতে!

“বাহ! এই অপূর্ব সুন্দরী মেয়েটি কে! ও আল্লাহ এটাতো রাবু! বাহ রাবু এত সুন্দরী আগে কেন আমার চোখে পরলো না! একদম ফটোজেনিক!”

রাবুর গাল দুটো আরো লাল হয়ে গেল। “ইশ!  সবার সামনে এভাবে বলে কেউ!”

মনি রাবুর সাথে ছবি তোলার জন্য কান্নাকাটি করছে! রাবুর বয়ে গেছে ওর মতো কুটনীর সাথে ছবি তুলতে!

আব্বার চিৎকার শোনা গেল, “তোর মাইয়ারে আমি যদি আজকা জবাই না দিসি!”

রাবু একটা নিঃশ্বাস ফেলল। কী করতে হবে ও জানে এখন।

সিলিং ফ্যানে ওড়নাটা বাঁধতে হবে।

জানালায় কেউ টোকা দিচ্ছে

“বুরি,  জানলাডা খোল!”

রাব চোখ নাক মুছল। সর্দি হয়ে টয়ে অবস্থা খারাপ হয়ে আছে। ওড়নাটা একপাশে ঝুলিয়ে রেখে খাট থেকে নামল।

আস্তে করে জানালাটা খুলতেই কাসেমের বত্রিশটা দাঁত ভেসে উঠল।

“ও বুড়ি ধর।”

কাসেমের হাতে একটা বড় প্যাকেট।

“কিরে?”

“খুলি দেখ। আর কান্দিসনা। “

রাবু প্যাকেট খুলে চুপচাপ বসে আছে।

একটা ঝলমলে নীল শাড়ি, নীল চুড়ি টিপের পাতা, পাউডার- ক্রিম আরো কত কী।

পাগলাটার একটা মাটির ব্যাংক ছিল। একটা মোবাইল সেট কেনার জন্য কলেজের বাসভাড়া থেকে প্রতিদিন  দুই  টাকা করে জমাচ্ছিল। আজ তিন বছর ধরে।

রাবু প্রায়ই ঠাট্টা করে, “মোবাইল কিনতে কিনতে তোর নাতি পুতি অই যাইব হিহি!”

কাসেম সিলিং ফ্যানে ঝুলন্ত ওড়নাটা দেখে ফেলেছে।

ভয়ানক কষ্ট নিয়ে জানালার পাশে দেয়ালে মুখ চেপে ধরেছে।

 রাবু মাটির ব্যাংকের ভাঙা টুকরাগুলো গায়ে জড়াতে জড়াতে কাঁদতে লাগল!

আজ রাবু ডিএসএলআর এ ছবি তুলবে! রাবুর একটুও আনন্দ হচ্ছেনা। শাড়িতে কত সুন্দর মানাল ওকে। টিপটায় ওকে দেবী প্রতিমার মত লাগছে।  আজ মনিদের অহংকার চূর্ন হবে!  কিন্তু রাবুর একটুও আনন্দ লাগছিলনা।

একটা পাগলা ঝোলমাখা পাঞ্জাবি পরে  জানালার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে।

রাবুর ইচ্ছে করছে পাগলাটার হাত ধরে ঘুড়ি উড়াতে উড়াতে একটা রেললাইনের উপর ট্রেনের মত ছুটে যায়! ছোট্টবেলার মত!