সেদিন বিকেলে

Romance

টাইটানিকের গানটা বাজছে।  রুমে আমি একাই থাকি। ইদানীং বেশ কয়েকটা মাকড়শা দম্পতি আমার প্রতিবেশি হিসেবে বসবাস করছে, পশ্চিমের দেয়ালটায় তাদের সুখের সংসার।

টিকটিকি ঘুরছিল টেবিলের উপর। মাছি উড়ছে। খোলা নাস্তার প্লেট।

আমি অপুকে ভাবি। একা হলেই ওকে ভাবতে আমার বেশ ভাল লাগে।

অপু ওর নাম নয়। আমি ওকে অপু ডাকি।  কৈশরে আমার একদিন ভারি অপর্ণা হওয়ার সাধ হয়েছিল বিভূতির পথের পাঁচালি পড়ে ।  ওর আসল নাম রফিক। আমাদের ভাড়াটে হিসেবে থাকত ওরা।

আমরা এক কলেজে পড়তাম। ইন্টারমিডিয়েট সাড়ম্বরে ফেল করার পর পরই আমার বিয়ে হয়ে গেল।

আর অপু বোর্ড স্ট্যান্ড করে এলাহী এক কান্ড বাঁধিয়ে দিল ছোট্ট মফস্বল শহরটায়।

তারপর সে ডাক্তারী পড়তে শহরে চলে গেল। বছর দুয়েকের মাথায় তার সে কি বদল!

একদম বদলে গেল ছেলেটা!

এইতো সেদিনও একসাথে মধু স্যারের বাসা থেকে ফিরছিলাম। স্যারের ফিস,কলেজের বেতন দিতে পারছিলনা। আমি আমার জন্মদিনে পাওয়া সোনার নথটা একদিন বেঁচে দিলাম। বাবা উপহার দিয়েছিলেন। মিথ্যে করে বলেছিলাম হারিয়ে গেছে।

অপু নিতে চাইছিলনা। জোর করে ওর বুক পকেটে টাকাটা যখন গুজে দিলাম ওইযে কবি সাহিত্যিকরা কী যেন বলে হার্টের বিট মিস হওয়া আমার হলো ঠিক তাই। অপু বুঝেছিল কিনা জানা নেই। তবে তার ম্লান মুখে এক চিলতে হাসি ছিল।

আমার ফুচকা খেতে ভাল লাগত।  রোজ ফেরার পথে তারিয়ে তারিয়ে ফুচকা খেতাম। ওর আবার এসিডিটির সমস্যা ছিল। মিছেমিছে ব্যাগে এন্টাসিড রাখতাম আর গ্যাস্ট্রিকের ঔষুধ। বলতাম আমার আলসার আছে তাই রাখা। অপু বুঝত কিনা জানা নেই ঔষুধগুলো যে আমি ওর জন্যই বয়ে বেড়াতাম সারাক্ষন। লোকে ওকে খেপাত, স্বর্ণার দারোয়ান, বডিগার্ড এসব বলে বলে। অপু শুনে বিরক্ত হোতো।

আমি গাধা ছিলাম। অংক মাথায় ঢুকত না।  ক্লাস শেষে আমাকে জ্যামিতির জটিল উপপাদ্যগুলো বোঝাতে বোঝাতে হাল ছেড়ে দিয়ে অপু মাথার চুল ছিঁড়ত। আচ্ছা সে যে এত জটিল সব ক্যালকুলাস জিওমেট্রি ফিজিকস বুঝত আমাকে কখনো বুঝল না কেন?

মাঝে মাঝে রেগে গেলে ও আমার বেনী করা চুলে হেচকা টান মারত। চুল খুলে দিত। আমার চুলে কেউ হাত দিলে আমি রেগে যাই ভীষণ। এটা সে জানত দেখেই অমন করত।

রাগ করে একদিন চুল কেটে ছেলেদের মত করে ফেললাম। অপু মন খারাপ করেছিল সেদিন। বারবার আমার চুলের দিকে তাকাচ্ছিল। ভাল হয়েছে! যখন তখন চুল খুলে দেওয়ার নির্মম শাস্তি!

বাসায় বাবা মা অপুকে বড্ডো স্নেহ করতেন। করবেন ইতো। সব সাবজেক্টে হায়েস্ট মার্ক। এলাকার ছোট ছেলেরা ওর কাছে ম্যাথ আর ইংলিশ পড়তে আসে। নাইন টেন রা ফিজিকস কেমিস্ট্রি বুঝতে আসে। কত ডাক নাম অপুর। ছেলেমেয়েরা দেখা হলেই পথে ঘাটে ওকে শুধু সালাম দিত। আমি হাসাহাসি করতাম। স্যার স্যার ডেকে খেপাতাম।

একদিন পহেলা ফাল্গুন আর একই সাথে নবীন বরন, সেই উপলক্ষ্যে শাড়ি পরেছিলাম। বয়স আমার তখন আঠার। অপুরও তাই। বান্ধবীর বাসায় গেলাম। ওখান থেকে কলেজ প্রোগ্রাম। সন্ধ্যে হওয়ার আগেই বান্ধবীরা হুড়মুড় করে ভাগতে শুরু করল। মাগরেব এর আগেই যে ঘরে ফেরা চাই। প্রোগ্রামে ভিড় বাড়ছিল। বাড়ছিল অসভ্য ছেলেপিলেদেরও ভিড়। আমার তো অপু আছে। আমার ভয় কী?  তার উপর ব্যান্ড এসেছে। মিস করি কী করে।  গান পাগল ছিলাম। বাবার মত। আমাদের বাসায় থরে থরে সিডি আর গানের ক্যাসেট। মফস্বল শহরে আর কারুর ঘরে কম্পিউটার ছিলনা। আমার বড় ভাইয়ের ছিল। ভাইয়া তখন ফিজিকস পড়ছে শহরে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।

যাই হোক, সেদিন একটু অন্ধকার নামতেই এমন ভিড় বাড়ছিল। লাইটিং ছিল পুরো কলেজ মাঠে ,তাতে অবশ্য অন্ধকার ঢেকেও ঢাকেনি!

আমি আশেপাশে তাকিয়ে দেখি অপু নেই। আমাকে রেখেই কী করে চলে গেল সে। নাকি সে আসেই নি। আমি তো নিশ্চিন্তে বসে ছিলাম অপু আশেপাশেই আছে ভেবে। আর ভেবেছি আমি ওকে না খুজলেও সন্ধ্যে নামলেই ও ঠিকই আমাকে খুঁজে নেবে। এই ভীড় ঠেলে আমি এখন বেরুব কী করে  তার উপর জীবনে প্রথমবার শাড়ি পরা। হাঁটতে গেলেই মুসিবত। রিকশাই বা কে ঠিক করে দেবে। অপুর উপর রাগে অভিমানে আমার গা জ্বলতে লাগল যেন অপুর আজন্ম দায়িত্ব ছিল আমাকে ঠিকমত পৌঁছে দেওয়া!

ভীড় ঠেলে বেরুতে গিয়ে চূড়ান্ত অসভ্যতার স্বীকার হলাম। কাজটা কে করেছে দেখিনি। আমার কান্না পেয়ে গেল। এত বিশ্রি একটা অনুভূতি! বের হতেই পারছিনা। কাঁদতে শুরু করলাম। ভীড়ের মধ্যে ক্লাসমেট একজনের সাথে চোখাচোখি হলো, সে আমার বেহাল অবস্থা দেখে এগিয়ে এসে আমাকে উদ্ধার করল। হাসান নাম ছিল ছেলেটার। আমাকে দু হাতে প্রায় আগলে বের করে নিয়ে এলো। বের হয়ে দেখি ভীড়ে ঠেলাঠেলিতে শাড়ির বেহাল দশা। হাসান রিকশা ঠিক করে দিতে চেয়েছিল, আমি  মানা করলাম। চোখ মুছতে মুছতেই আবার টলমল করে উঠছিল তখন। কাজল মাশকারা গালের হালকা মেকাপ সব ধুয়ে টুয়ে আমাকে নিশ্চয়ই ভূতের মত দেখাচ্ছিল। আমার মন বলছিল অপু আছে। আশেপাশেই কোথাও আছে।  আমাকে না নিয়ে অপু যেতেই পারেনা। অপু আসলেই ছিল। কলেজ গেটের ঠিক মুখেই অপু দাড়িয়ে ছিল। ভীড়ের মধ্যে আমাকে খুঁজে পায়নি। হাসান অপুকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্থবোধক একটা হাসি দিল। আমি হাসানকে ধন্যবাদ দিয়ে বিদায় জানালাম।

অপু টেনশন করছিল। আমার অবস্থা দেখে সে গম্ভীর হয়ে গেল। আমার সাথে কথাই বলল না। হাঁটতে শুরু করল চুপচাপ। আর আমি ওর পিছু নিলাম।  রিকশার খোঁজে মাঝখানে মিনিট বিশেক দাঁড়িয়ে রইলাম দুজনে। রিকশা না পেয়ে সে জোরে জোরে হাঁটতে শুরু করল।

-এই, এই রফিক! আস্তে হাঁট। আমার পায়ে ফোস্কা পড়েছে

–সবাই যখন চলে যাচ্ছিল তখন তুইও চলে গেলিনা কেন?

–বারে আমি ব্যান্ড শুনব না?

–আমি জানতাম তুই যাসনি। তাই গেটে দাড়িয়ে ছিলাম।

— আমাকে নিতে ভেতরে গেলিনা কেন?

— চেপ্টা হওয়ার ইচ্ছে হয়নি।

— আমার গায়ে একজন বিশ্রিভাবে  হাত দিয়েছে বলতে গিয়ে আমি কেঁদে ফেললাম।

অপু ব্যস্ত হয়ে বলল, কে হাত দিয়েছে, দেখেছিস?

— হয়েছে, আর বাংলা সিনেমার নায়ক হতে হবে না।

— সরি।

— সব তোর দোষ। আরো আগে ভেতরে গেলি না কেন?

তখন ঝিঁ ঝিঁ ডাকছে , আমরা অন্ধকারে মেঠো পথে নেমেছি। হাঁটছি একসাথে। অপু টর্চ ধরে রেখেছে। এখানে সন্ধ্যে নামলেই চারপাশ পাহাড়ের মত নীরব হয়ে যায়। এত সুন্দর বাতাস ছিল। জোনাকি ছিল।  আকাশে নকশী কাঁথার মত তারা ফুটে আছে। কলেজ রোডে রিকশা খালি না পাওয়ায় কলেজের সামনের রোড ফেলে ছোট ছোট ঘাসে ঢাকা মেঠো পথ বেয়ে মূল সড়কে যাওয়ার ইচ্ছে আমাদের। এইতো আরেকটু সামনে গেলেই রিকশা পাওয়া যাবে।

শাড়িতে যে কত মারপ্যাচ বাপু। প্রথমবার শাড়ি পরা।  হঠাৎই হিল বেঁকে গিয়ে ডিগবাজি খেয়ে আমি উল্টে গেলাম। অপু হাত ধরে টেনে তুলল আর একটা কী জানি হয়ে গেল। আমি আবিষ্কার করলাম আমি ওকে জড়িয়ে ধরে কাঁদছি। অপু ভাবল ব্যথা পেয়ে কাঁদছি। অপু সুযোগ পেয়েও আমাকে জড়িয়ে ধরেনি। তেমন ছেলেই নয় সে।

মাথায় হাত রেখে বিব্রত হয়ে বলল,বেশি ব্যথা পেয়েছিস?

আমি ক্ষনিকের ভীষণ আবেগ সামলে ওর বুকের উপর হতে মাথা তুলে সরে গিয়ে বললাম, হুম।

আমার ইচ্ছে হয়েছিল অপু আমাকে জড়িয়ে ধরুক। দুর্নিবার ইচ্ছে। আর ইচ্ছে হয়েছিল পৃথিবীর প্রথম মানব যেমন করে প্রথম মানবীকে চুম্বন করেছিল তেমন করে একটা চুম্বন সে এঁকে দিত যদি!

অপু কি জানত আমার ইচ্ছের কথা? বুঝতে পেরেছিল সে?

তারপর ইন্টারমিডিয়েট এক্সামের আগে আমার টাইফয়েড হলো। পড়াশোনা মাথায় উঠল। একটা পরীক্ষা দেই নি।

বাদবাকিগুলো খারাপ দিলাম। রেজাল্ট বেরুনর আগ থেকেই জানি ফেল। কী মজা! আহা!

আর মা শুরু করলেন তোড়জোড়। মেয়ের বয়স হয়েছে বিয়ের জন্য পাত্র দেখো। ইন্টার ফেল মেয়ে কী ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র পাবে?

বাবা মুসিবতে পড়লেন। মায়ের সামনে বাবা মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারেন না। ভাইয়া শহরে গিয়ে প্রেম করে বিয়ে করে ফেলেছে ,অপু নিতে চাইছিলনা। জোর করে ওর বুক পকেটে টাকাটা যখন গুজে দিলাম ওইযে কবি সাহিত্যিকরা কী যেন বলে হার্টের বিট মিস হওয়া আমার হলো ঠিক তাই। অপু বুঝেছিল কিনা জানা নেই। তবে তার ম্লান মুখে এক চিলতে হাসি ছিল। আমিও যদি ভবিষ্যতে তাই করি..  ইত্যাদি ইত্যাদি।

অতএব বিয়ের পাত্র দেখা শুরু। অপু তখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে। রেজাল্ট যেদিন দিল বাসায় এলো। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের পর হতেই ঘরের বাহিরে পা দ্েইনি। কতদিন পর দেখা।

— কীরে এত মোটা হয়ে গেলি কেন?

— বিয়ে হবে এই আনন্দে।

আমার জবাব শুনে তার সে কী দাঁত বের করে হাসি। আমার চোখ ফেটে জল আসছিল। আমি পাথরের মত মুখ করে দাঁড়িয়েই রলাম। ইন্টারমিডিয়েট ফেল আমার সাহস হলো না হবু ডাক্তার হতে যাওয়া অপুকে বলি, আমাকে তোর সাথে নিয়ে যা প্লিজ। প্লিজ অপু। আমাকে রেখে চলে যাস না, আমার খুব ভয় হচ্ছে।

কী হতো যদি সেই যে সেদিন যখন ওকে জড়িয়ে ধরলাম তখন যদি বলে দিতাম ওর জন্য সকাল সন্ধ্যে কত কী গান বুনি আমি? আর এখন? এখন বললে ও হয়ত ভাববে ও ভাল জায়গায় সুযোগ পেয়েছে তাই নিজেকে গছিয়ে দিতে চাইছি।

আচ্ছা যদি আমি সত্যিই ওকে বলে বসতাম, আমি তোকে ছাড়া বাঁচব না। তোর সাথে আমাকে নিয়ে চল। যেখানে ইচ্ছে সেখানে। আমার খুব সাধ তোর অপর্ণা হওয়ার। যদি বলে দিতাম?

রফিক নামের এই সাদাসিধে ছেলেটা জানলই না ওকে যে আমি মনে মনে সারাদিন অপু বলে ডাকতাম।

* * *

চোখের নিচে কালশিটে। গত রাতে রাব্বি আমাকে অনেক মারধোর করেছে। হাত নাড়তে পারছি না।

মনে হয় ভেঙে গেছে।

রাব্বির অফিসে কী জানি ঝামেলা চলছে। ঠিকাদারী সংক্রান্ত কাজকারবার ওদের। আমি কী আর অত বুঝি। শুধু বলতে গিয়েছিলাম এত রাত করে বাসায় ফিরলে কেন?

রেগে গেল। ওর গায়ে মদের গন্ধ। সাথে মেয়েমানুষেরও।

আমি বুঝি ঠিকই। বলি না কিছুই। কেন বলিনা সেটাও খুঁজে বের করেছি। এই মানুষটা আমার স্বামী। কিন্তু সে কখনো আমার ভালবাসা পাওয়ার মত কিছুই করেনি। বন্ধুর মত মেশেনি, আমি গান গাইতাম হারমেনিয়ামটা বেঁচে দিয়েছে। ছবি আঁকতাম। বলল,ওসব কবীরা গুনাহ। জোর করে বোরখা পরাল। শাড়ি পরে একদিন বাবার বাড়ি যেতে চেয়েছিলাম, বলল মানুষজনকে পেট দেখিয়ে দেখিয়ে বাবার বাড়ি যাবা, আমাকে দোযখে নিয়ে যাওয়ার জন্য?

কী বিশ্রি একটা কথা! বজ্রাহতের মত দাঁড়িয়ে রলাম। অথচ আমি তখন যত্ন করে শাড়ি পরতে শিখেছি। কোয়ার্টার হাত ব্লাউজ। সব দিক ঢেকে ঢুকে নিপাট করে শাড়ি পরেছি। মাথায় ঘোমটা। 

রাতে না খেয়ে ছিলাম। মানুষটাতো আমাকে ভালবাসে না। আমিও আশা করিনি কেউ এসে জড়িয়ে ধরে বলবে, “বউ খেয়ে নাও। ভুল হয়ে গেছে। আর হবে না। সরি। “

ক্ষুধার্ত আমাকে দিয়ে মানুষটা বরং তার অন্য খিদে মিটিয়ে নিল।

আমি শুধু নীরবে চোখের জল ফেললাম। আর তাকে ঘৃণা করতে শুরু করলাম। আর অভিমান। কার উপর কে জানে? বাবা মা? নাকি অন্য কেউ?

তো যা বলছিলাম। গতরাতে শুধু বাকা হেসে বলেছিলাম, রাত করে মাতাল হয়ে বাড়ি ফিরলে কি বেহেশতে যাওয়া যায়?

সে ক্ষেপে গেল। আর মার ধোর শুরু করল।

আমি সকাল বেলা খোঁড়াতে খোঁড়াতে রিকশায় উঠলাম।

অনেক হয়েছে। আর নয়।

সাত বছরের সংসার। দু বছর আগে প্রথম সন্তান যখন গর্ভে মারা গেল তখনো এত কষ্ট হয়নি। আমি এখন আট মাসের অন্তঃসত্তা। মারধোর সহ্য করার ক্ষমতা নেই। পালাতে হবে। নইলে আমার এবারেও মিসক্যারেজ হয়ে যাবে।

বাবার বাসায় যখন পৌঁছলাম তখন বেলা বারটা। সাত বছরে একবারও এমুখো হইনি। অভিমান!  অভিমান!

মনের ভেতর জলের দহন! জল আবার দহন করে কী করে? করে করে… এ দহন শীতল দহন… পুড়তে পুড়তে ছাই হওয়াতক কিচ্ছুটি বোঝার উপায় নেই।

বাসার সবাই আমার চেহারা দেখে আঁতকে উঠল। আমাদের বাড়ির পুরাতন ঝি রশিদা খালা বিলাপ করে বলল,আপামনি এ আপনার কী হইছেগো!!

আমি ক্লান্ত মুখে হাসলাম।

সেদিন শুধু ঘুম আর ঘুম। দরজা লাগিয়ে রাখলাম। খাওয়ার সময় মা ডাকে। আমি খাবার দিয়ে যেতে বলি। পুরাতন ক্যাসেট প্লেয়ারটা এনে রাখে বাবা। আমি হাত নেড়ে চলে যেতে বলি। তারপর গান শুনি। আর চুপচাপ দেওয়ালে মাকড়সাদের জাল বুনতে দেখি।

আমি বিষন্ন হতে হতে আমার ভেতরের অস্তিত্বের সাথে গল্প করি। সে শুনে।  আমার কথা মনযোগ দিয়ে শোনে। আমি তাকে রূপকথা শোনাই। বেঁচে থাকার গান শোনাই।

আর আমার মনে পড়ে বিয়ের তিন বছর পর হঠাৎ একদিন অপুর সাথে মার্কেটে দেখা হয়ে যাওয়া। তখন ওর মা বাবা সহ ঢাকায় থাকে।  কী কাজে যেন এসেছে। পরনে জিন্স,টিশার্ট..হাতে ঘড়ি, সাথে একটা মেয়ে.. বোধকরি গার্লফ্রেন্ড হবে।  

আর কী আশ্চর্য সে আমাকে দেখে প্রথমেই বলল, আরে তুমি? কী খবর?

আমারর পৃথিবীটা থেমে গিয়েছিল। ওর মুখ হতে তুমি শোনার সাধ ছিল, কিন্তু এভাবে নয়..  এমন অপরিচিতর মত নয়…

— ভাল আছি। তুমি ভাল আছো অপু?

— আমি ভাল। আমাকে চিনোনি!!! আমি রফিক। অপু না। অপু কে?

আমার আর জবাব দিতে ইচ্ছে হয়নি। জবাব না দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটতে শুরু করলাম।

তাকে বলা হয়নি আমার একটা অপু ছিল। আমি যার অপর্ণা ছিলাম। বিভূতির অপর্ণা। সত্যজিতের অপুর সংসারের অপর্ণা। আমার একটা অপু ছিল।  সে হারিয়ে গেছে।

* * *

ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। রাব্বী একবারো ফোন দেয়নি,খোঁজ নেয়নি। আমার তাতে রাগও হয়নি, অভিমানও না। যে সম্পর্কে মায়া নেই ভালবাসা নেই সেই সম্পর্কে কি রাগ অভিমান আসে?

হঠাৎ একদিন তলপেটে চিনচিনে একটা ব্যথা উঠলো। বাড়তে লাগল ধীরে ধীরে। আমি বুঝতে পারলাম আমার সন্তান পৃথিবীতে পা রাখার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ব্যথা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ল।

আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দ্রুত। এত ব্যথা! মাগো!

ঘন্টার পর ঘন্টা পার হলো। ডাক্তার বলল লেবার প্রগ্রেস হতে সময় লাগবে।

তারপর  যখন আস্তে আস্তে আমার চেতনা লোপ পাচ্ছিল, সারা শরীরে তীব্র অবসাদ, যখন মনে হল দম ফুরিয়ে যাবে, মৃত্যু অবশ্যম্ভাবী তখনই আমার সন্তানের কান্নার ধ্বনি আমার সমস্ত যন্ত্রণা এক নিমিষে ধুয়ে দিল।

আমার সন্তান। ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে। পৃথিবীতে ওর আমি ছাড়া কে আছে যে আমার মত গভীর মমতায় ওকে বুকে জড়িয়ে নেবে?

* * *

কিছু মানুষ ভালবাসতে শিখিয়ে জীবন হতে হাওয়া হয়ে যায়। দমকা হাওয়ার মত মিলিয়ে যায়। আবার ক্ষনিকের জন্য হয়ত দেখা মেলে, সেই ক্ষণিক দেখাটুকু এক জীবনের সবটুকু সুখের সমান, কিংবা দুঃখ!

আমাদের আবার দেখা হয়ে গেল। একদিন বিকেলে অপু বাসায় এসেছিল। তার এই উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং।

আমাদের বসার ঘরে বাবার সাথে গল্প করছিল। আমি ঢুকতেই দেখি বাবা চশমা খুলে চোখ মুছছেন।

আমার দূর্ভাগ্যের কথাই হয়ত বিশদ আলোচনা হচ্ছিল। মা নাস্তার জোগাড় করছেন।

বাবা অপুকে বললেন, তুমি আজকে কিন্তু খেয়ে যাবে।  আমি বাজার করে নিয়ে আসি।

অপু বলল, না না চাচা দরকার নেই।

বাবা শুনলেন না। আমাকে অপুর আপ্যায়নের ভার দিয়ে বাজারে গেলেন।

অপু একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। আমাকে দেখেও না দেখার ভান! কেন? আমার চোখাচোখি হতে ভয়? অপরাধবোধ? বুঝতে পারছি না।

আমি  ওর চোখের দিকে তাকালাম। দুচোখে এত ক্লান্তির ছাপ। তারপর নীরবতাটুকু আমাকেই ভাঙতে হলো।

— কেমন আছ?

— তা জেনে লাভ কী?

ম্যাগাজিনটা নামিয়ে রাখল ও।

ওর গলায় কেমন যেন অভিমানের সুর। নাকি আমিই ভুল শুনলাম।

— রাগ হয়ে আছো মনে হয়।

— এত কিছু হয়ে গেল,আমাকে একটু জানালেও না!

ওর ছলছল চোখ দেখে আমি হাসলাম।

— কী করে জানাব? তোমার ঠিকানা জানিনা, ফোন নম্বরও না।

অপু কেমন একটা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে।

কী দেখছে সে? আমার চেহারায় আগের লাবণ্য নেই। শরীরে ভাঁজ পড়েছে। শুকিয়ে কাঠ হয়ে গেছি। চোখের নিচে গাদাখানেক কালি।

— তুমি আগের মত নেই।

— চিরকাল কি সবাই একরকম থাকে?

— আমি তোমাকে এমন দেখতে চাইনি কখনো!

ওর কন্ঠস্বরে কিছু একটা ছিল যা আমাকে আবার ওর চোখের গভীরে তাকাতে বাধ্য করল।

— কেমন দেখতে চেয়েছিলে?

— অনেক সুখে আছো। সংসার করছো। এমন।

— সুখ! সবার কী আর এক জীবনে সুখ মেলে?

— তুমি আগের মত হতে পারো না স্বর্ণা?

আমি চমকে উঠলাম। এমন করে আকুল হয়ে সে আমাকে নাম ধরে ডাকল। স্বর্ণা নামটাকে অপর্ণা ভেবে ভুল হল।

— না পারিনা!

— আমার জন্য?

আমি আবার চমকে উঠলাম

— মানে?

— তুমি আমার জন্য একটু ভাল থেকো। নাহয় আমি সারা জীবন কষ্ট পাব!

— আমার জন্য তোমার সত্যিই কি কখনো কষ্ট হয়েছিল?

শান্ত সুরে প্রশ্ন করলাম।

— সত্যটা জানতে চাও?

— মিথ্যতো শুনতে চাইনি।

— আমি গত সাতটা বছর কষ্টে ছিলাম।  তোমাকে কখনো নিজ সীমানার বাইরে ভাবি নি। চালচুলোহীন একটা ছেলে তোমাকে কখনো ভালবাসত সেটা জেনে আজ আর কী হবে বলো?

অপু অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছিল।

আমার বেদম কান্না পেয়ে গেল। বহু কষ্টে চোখের জল ধরে রেখে বললাম, ভালবাসতে? আমাকে?

অপু আমার দিকে মুখ ফেরাল।

— হ্যা। বাসতাম।

ওর কন্ঠস্বরে প্রগাঢ় মায়া।

আমি হু হু করে কেঁদে ফেললাম।

আঁচলে মুখ লুকিয়ে।

— স্বর্ণা, কাঁদছ কেন?

— আমাকে কখনো বলোনি কেন?

— ভুল হয়ে গেছে। আমি বোধহয় তেমাকে কখনো ঠিক বুঝে উঠতে পারিনি।

— এখন?

— এখন তোমার চোখের অভিমান,শরীরের এই ভাঙচুর দশা।  আমার সহ্য হচ্ছে না।

— এখন বলে কী লাভ! সবতো শেষ হয়ে গেছে।

আমি চোখ মুছলাম।

— সব শেষের পরেও আবার শুরু থাকে।

আমি ওর কথার অর্থ বুঝতে না পেরে চেয়ে রইলাম।

— তুমি যদি চাও আমরা হয়ত একসাথে আবার পুরনো দিনের মত হাসতে হাসতে বাড়ি ফিরতে পারি।

আমি ওর মরিয়া কন্ঠস্বর শুনে অবাক হয়ে তাকিয়ে রলাম। ও যা বলছে তা কী ভেবে বলছে?

— তুমি আসলে কী চাইছো? আমিতো আজ একেবারেই নিঃস্ব!

— আমি নিঃস্ব তোমাকেই চাইছি।

কী বলছে ও এসব! আমি বোধহয় পাগল হয়ে গেছি। নাকি সব আমার স্বপ্ন!

— আমার সন্তান আছে!

জবাবে অপু শুধু হাসল।

আমার শরীর কাঁপছে।  ছলছল চোখ দুটো বারবার সমুদ্র হয়ে উঠতে চাইছে।

— আমি যাই।

— কিছু বলবেনা?

— আমারতো সব কথা ফুরিয়ে গেছে।

— স্বর্ণা,আমাকে ফিরিয়ে দিস না।

এবার ওর গলায় কড়া শাসনের সুর। ঠিক যেভাবে অংক না বুঝলে আমাকে বকাঝকা করত!

আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। পরিচিত ডাক। চিরচেনা মানুষটা। জন্মান্তর পার হয়ে আবার আমার কাছে ফিরে এসেছে।

আমি উঠে দাঁড়িয়ে ছিলাম। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম। কিন্তু পারলামনা। সোফার হাতলটা শক্ত করে চেপে ধরে রেখেছি।

টলছি।

অপু হেঁটে হেঁটে যেন নদী পার হয়ে আমার কাছে এলো। আমার হাতটা শক্ত করে ধরল।

ওর চোখে নীরবতা। আর আমার হৃদয়ে।

আমার মনে হলো এবার ওকে বলে ফেলা যায় একসাথে বাড়ি ফেরার দিনে যখন দ্বিপ্রহরের রোদ ফিকে হয়ে আসত অথবা ,বৃষ্টিতে নূহের মহাপ্লাবনের মত পৃথিবীটা  ভেসে যেত কিংবা মেঘে মেঘে যখন  বিদ্্যুৎ চমকাত আমি তখন মনে মনে ওকে কতবার অপু বলে ডাকতাম।

কতো নক্ষত্রের রাত পেরিয়ে তোমায় পেলাম,

মোহের মত জ্বলজ্বলে স্মৃতি-

এভাবেই বুঝি পাওয়ার ছিলো?

এটাই বুঝি নিয়তি?

আমার মনে হলো আমাদের ঠিক এভাবেই  দেখা হওয়ার কথা ছিল। সবটুকু নিঃশেষ হয়ে যাওয়ার পর যেভাবে নিঃস্ব মেঘের সাথে সবুজ পাহাড়ের আবার দেখা হয়।

#কবিতাংশ: জীবনানন্দ দাশ