দশ মাস পর দেশে ফিরেছে রায়হান। পিএইচডি কমপ্লিট করতে আরো এক বছর লাগবে ওর। বাসায় এসে রীতিমত লজ্জায় পড়ে গেছে। নতুন বাবা হয়েছে । ছেলের জন্য হাবিজাবি কিনে এনেছে। আর সবার জন্য কেনাকাটা করার সময় হয়ে ওঠেনি। এখন বড় আপা দুলাভাই আর ভাবী ওকে মাস্ট খেপাবে। পার্টটাইম জব করে নিজের খরচ থেকে বাঁচিয়ে দেশে পাঠানো সম্ভব হয়না রায়হানের। আইরিন নিজে একটা স্কুলে চাকরি করে হাত খরচটা মেটায় । রায়হান মাঝে মাঝেই আইরিনকে ফোন করে বলে , পুরোপুরি এস্টাবলিশড না হয়ে হুট করে তোমাকে বিয়ে করে ফেলাটা বোকামি হয়ে গেছে । সুন্দরী বৌ গা ভর্তি জড়োয়া গয়না গড়িয়ে দিতে ইচ্ছে করে আপাতত ফকিরি দশায় আছি দেখে দিতে পারছিনা। কিন্তু ভবিষ্যতে দেখে নিও… …। আইরিন খিলখিল করে হাসে স্বামীর কথা শুনে। হাসির শব্দ রায়হানের বুকে এসে বাজে । ফোনের ওপ্রান্তের মেয়েটাকে দেখতে ইচ্ছে করে খুব। বলতে ইচ্ছে করে বধূ গা ভর্তি গয়নার দরকার নেই তোমার, বুকে রিনঝিন কাঁপন তোলা তোমার ঐ হাসিটাই তোমার অলংকার।
বৌ ছেলের সাথে এখনো দেখা হয়নি ওর। বসার ঘরে বসে ঘামছে রায়হান। ভীষন লজ্জা লাগছে। এমনিতে ছোটবেলা থেকে মুখচোরা। এখন বাবা হয়ে গেছে এই লজ্জায় বাবার সামনে বসে মাথা তুলে কথা বলতে পারছেনা। কেমন একটা লজ্জায় কথা বলতে গেলেই কথা জড়িয়ে যাচ্ছে। সে নিজেও কারো বাবা হয়ে গেছে আনবিলিভেবল ! কি ভীষন লজ্জার ব্যাপার! পাশের রুম থেকে বিড়াল ডাকার শব্দ ভেসে আসছে। মহাকৌতুহলে রুমের পর্দার ফাঁক ফোকঁর দিয়ে কাউকে দেখা যায় কিনা দেখার চেষ্টা করল রায়হান। কত কষ্টে নিজেকে সামলে রেখেছে। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে ছেলেটাকে দেখে আসে। ছেলের বয়স দু মাস হলো বলে! কিন্তু রায়হান এখনো বিশ্বাস করতে পারছেনা আস্ত একটা ছেলের বাপ হয়ে গেছে ও!
আরিফ সাহেব গম্ভীর মুখে পেপার পড়তে পড়তে চায়ে চুমুক দিচ্ছেন! মাঝে একটা দুইটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন ছেলের উদ্দেশ্যে। তাঁর ছোট ছেলেটা ভীষন ভয় পায় তাঁকে। এটা বুঝে যেন আরো রাশভারি আচরন করেন ছেলের সামনে। যেমন এই মুহুর্তে তার ইচ্ছে করছে রায়হানকে ছোটবেলার মত কোলে বসিয়ে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু তিনি পারছেন না। ভিতরে কষ্ট হচ্ছে। তবু মুখ থেকে গাম্ভীর্য সরিয়ে ঝলমলে হাসিতে বলতে পারছেন না রায়হান বাবা একটু বুকে আয়।
ছেলে বাসায় ঢোকার পর মহাখুশিতে ভেতরটা ধুকপুক করা সত্ত্বেও ভাবলেশহীন কন্ঠে বলেছেন ,এলে? ভালো করেছো। বসো।
যেন পাশের বাসা থেকে কেউ বেড়াতে আসায় অভ্যর্থনা জানাচ্ছেন। বুঝতে দিলেন না এতক্ষন ধরে ছেলের অপেক্ষায়, ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে এঘর ওঘর করেছেন। তার আশা ছিলো ছেলে হয়ত মনের ভাবটা বুঝবে। বুঝে তাঁর ভাঙা বুকটাতে মাথা গুজবে, ভেতরের উল্লাস আর্তনাদ কান পেতে শুনবে। কিন্তু সম্পর্কের বরফ গলিয়ে ছেলেতো কাছিয়ে এলোনা!
রায়হান উশখুশ করছিল। হঠাত্ বলে উঠল, বাবা আমি ভেতরের ঘর থেকে আসি। আপনি বসেন।
আরিফ সাহেবের ভেতরটা একটু দমে গেল। দীর্ঘ একটাক্ষন ছেলের মুখে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপতে চাপতে বললেন,” ঠিক আছে যাও!”
রায়হানক দেখেই আইরিনের ঠোঁটের কোনে হাসির আভা খেলে গেল।
“তারপর এতক্ষনে বৌ বাচ্চার কথা মনে পড়ল!”
“কি করব! তোমার শ্বশুরের সামনে থেকে উঠা যায় ! মনে হচ্ছিল থানার দারোগার সামনে বসে আছি! তারপর এইটা কে?”
লাল টুকটুকে আধহাত সমান মানুষটাকে দেখে মহাবিস্ময়ে চোখ কপালে তুলে ফেলেছে রায়হান।
“আমার কপাল! নিজের ছেলেকে দেখে চিনতে পারছোনা!”
“এইটা আমার ছেলে? এত ছোট! হাউ পসিবল?”
রায়হান বিছানার কাছে এসে ছেলের মুখের উপর ঝুঁকল । ছোটখাট একটা হাই তুলে ছোটখাট মানুষটা হাত বাড়িয়ে ওর চশমা ধরে ফেলল।
আইরিন রাগ রাগ হয়ে বললো,” তুমি কি ভেবেছিলে তোমার বৌ একশ কেজি ওজনের গ্র্যাজুয়েট করা কোনো ছেলের জন্ম দিয়েছে?”
রায়হান হেসে ফেলল ।
“এই ব্যাটা তুই ও কি তোর আম্মুর মত বদরাগী হবি নাকিরে?”
আর কি আশ্চর্য জবাবে “এঝে, এঝে” বোলে বিচিত্র শব্দ করে উঠল মানুষটা। রায়হান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।
চোখ গোল গোল করে, লাল টুকটুকে জিভ বের করে ছোট্ট মানুষটা হাই ও তুলল।
“আইরিন আনবিলিভেবল! এইটা আমার ছেল ! আমি এটার বাপ! বিশ্বাসই করতে পারছিনা!”
“কি পাগল !
আইরিন হাসে “কোলে নিবা ?”
“কোলে? নেব!”
রায়হান মাথা চুলকায় ,” ইয়ে মানে যদি পড়ে যায়?”
“পড়বেনা!”
আইরিন হাসি চেপে রেখেছে । রায়হান মহাচিন্তিত ভঙ্গিতে ভাবছে কোন এঙ্গেলে কোলে নিলে ছোটখাট মানুষটা ওর কোল থেকে গড়িয়ে পড়ে যাবেনা ।
আইরিন সাবধানে ছেলেকে ওর বাবার কোলে তুলে দিল।
রায়হান টের পায় ভেতরে অন্যরকম একটা অনুভূতির জন্ম হচ্ছে। ছেলেটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে। সারাজীবন বুকের ভেতরে আগলে রাখার আকুলতায় ভেতরটা ছটফট করছে।
আরো একটা কিসের তৃষ্ণা যেন জেগে উঠছে ভেতরে। কিসের রায়হান ঠিক বুঝতে পারছেনা।
আরিফ সাহেব মন খারাপ করে ছাদে উঠে এসেছেন। কবুতরগুলোকে খাওয়াচ্ছেন। মন খারাপ হলেই স্ত্রীর কথা মনে পড়ে ওনার। সেসময় মন খারাপ হলে হানিফা কাছে এসে আবোল তাবোল বকত। মন ভাল করে দেয়ার চেষ্টা চালাত হাস্যকরভাবে। আরিফ সাহেব ধমক দিতেন। হানিফা একটু মন খারাপ করত, তারপর আবার আবোলতাবোল বকত। আরিফ সাহেব মানুষটা আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না। স্ত্রী হানিফাকে এত ভালবাসতেন কিন্তু কখনো মুখ ফুটে ভালবাসি বলেন নাই। শুধু রাতে বাতের ব্যথায় হানিফার কষ্ট হলে সারা রাত জেগে পানি গরম করে সেঁক দিতেন। বাসায় কাজের মানুষের অভাব ছিল না। চাওয়ার আগেই হানিফার জন্য সব নিয়ে আসতেন। আরিফ সাহেবের তবু মনে হয় জীবদ্দশায় হানিফাকে তার একবার অন্তত “ভালবাসি” বলা উচিত ছিল। এই আফসোস মৃত্যুর আগ পর্যন্ত তাকে পোড়াবে।
যেমন এখন ব্যথায় টনটন করছে ভেতরটা। কি হতো ছেলেটাকে জড়িয়ে ধরলে। একদিনইতো। এতো বাধো বাধো ঠেকে কেনো ছেলের সামনে !
হঠাৎ করেই আরিফ সাহেব টের পেলেন পিছনে কে যেন এসে দাড়িয়েছে। আরিফ সাহেব ঝাপসা চোখে পেছন ফিরলেন। আর রায়হান সাথে সাথে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল।
আরিফ সাহেব থতমত খেয়ে গেছেন । তারপর টের পেলেন চোখের পানিতে তার শার্ট ভিজে যাচ্ছে। বোকা ছেলেটা কাঁদছে। কাঁদুক! আহারে খোকা। ছেলেটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করতে লাগলো আরিফ সাহেবের।
সাদা কবুতরের দল ঝাঁক বেঁধে উড়ে গেল ।
অদ্ভুত নীল আকাশটায় মেঘের সাথে মিলে মিশে একাকার ওরা।
আর সেই নীল আকাশটার ঠিক নিচে পুরনো বিল্ডিংটার ছাদে একটা গল্পের সমাপ্তি হচ্ছে ।



