একটা ছেলে মনের আঙিনাতে

person riding on boat on sea during dawn

রবি, মঙ্গল, বুধ শান্তার প্রিয় সময়। এ সময় সে ব্যাচে পড়তে আসে।  মিশুও আসে ।

মিশুকে আড়চোখে দেখতে শান্তার ভাল লাগে। একদিন হুট করে চোখাচোখি হয়ে গেল। শান্তা লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে মনে মনে নিজেকে গালি দিল। কী দরকার ছিল ওভাবে তাকানর। ছিঃ!

কী ভাবল ছেলেটা ওকে?

আচ্ছা আরেকবার তাকাবে? যদি ধরা পড়ে যায়?

শান্তাকে প্রতিদিন আগে আসতে হতো। থার্ড বেঞ্চ দখল হয়ে গেলে আড়চোখে তাকে হয়ত দেখা হবেনা। কতদিন ওর ইচ্ছে হয়েছিল একটু আলাপ করে। 

– লাল টিশার্টটায় তোমাকে ভাল লাগে। আজ পরলেনা কেন?

– আজকে আমার মন খারাপ

– তুমি সিগারেট খাও কেন? আর খেওনা প্লিজ। ঠোঁট কালো হলে তোমাকে বিচ্ছিরি লাগবে।

– তোমার পাশের ছেলেটা অনেক বেশি কথা বলে। বেশি দুষ্ট।

– আজকে হোমওয়ার্ক করলে না কেন? 

এই সমস্ত খুচরো কথাবার্তা। 

মিডটার্মের শেষদিন বৃহঃপতিবার কলেজ হতে ফেরার পথে পুরান লাইব্রেরী,  মাসুদ রানার বই কিনতে যেয়ে সেদিন মিশুর সাথে দেখা। 

আবার চোখে চোখ। আকাশে তখন মেঘ ডাকছে।  বাতাস রীতিমত আদ্র। তার মাঝে শান্তা টের পেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পেটের ভিতর বিচ্ছিরি সেই ফাপা অনুভূতি। 

মিশু কী বুঝে হাসল। এই ছেলে এভাবে হাসল কেন। সব বুঝি বুঝে ফেলল ছেলেটা? কী ভয়াবহ লজ্জার কথা! শান্তার হাতে “হ্যালো সোহানা” বইটা উঁকি দিচ্ছিল 

– হাই,তুমি মাসুদ রানা পড়ো?

– হুম

– হ্যালো সোহানা পড়েছ? 

– নাহ।  

– আমার কাছে আছে। কিনতে হবেনা। নিতে পারো। অসংখ্যবার পড়েছি এটা জানো। উমম।।  তিন গোয়েন্দা পড়ো?

– পড়ি মানে, আমি মুসা আমানের ভক্ত।

– তোমার কাছে তিন গোয়েন্দা ভলিউম দশ আছে?

– হু

– আমাকে দিবা? কালেকশনে রাখতাম। 

এক বছর একসাথে এতদিন ক্লাস করার পরেও কোনদিন কথা বলা হয়নি। সেদিন এক দফায় এত কথা!

শান্তা ঠিক বুঝে উঠতে পারছিলনা ডান হাতটা কোথায় রাখবে। কী ভঙ্গিতে দাড়াবে। বারবার ওড়না পেচাচ্ছিল ডান হাতের কেনে আঙ্গুলে। শান্তার ছোট্ট বুকের খাঁচায়  হৃদপিন্ডটা যেন রীতিমত রেসের ঘোড়া। কন্ঠস্বরের কাপুনি থামাতে বেগ পেতে হচ্ছিল। 

– বাসা কই তোমার?

– সদরঘাট। 

– আমার শেঠবাড়ি। 

– জানি!

– জানো!!

শান্তা ফের লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। শেঠবাড়ির রাস্তাটায় কলের পাশের উঁচু দেয়ালটার উপর বসে মিশুকে বেশ কয়েকবার আড্ডা দিতে দেখেছে সে।

মিশুর বন্ধু রাশেদ বোধহয় পাশের দোকানে ছিল। সে হঠাৎ দোকানে ঢুকল।  বলল,কী রে বই কেনা হলো? আজকে বাংলাদেশের ম্যাচ আছে চারটা থেকে।  ম্যাচের ফার্স্ট ওভার বুঝি মিস গেলরে! আজকে ওপেনিংয়ে আশরাফুল। 

বলতে বলতে আড়চোখে একবার শান্তাকে খেয়াল করল রাশেদ। হাতের বইটা ততক্ষনে নামিয়ে রেখেছে শান্তা। 

ওকে বিদায়টুকুও না বলে ছেলেটা বন্ধুদের সাথে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। 

শান্তার মন গেল খারাপ হয়ে। ওর সাথে কথা বললে বন্ধুরা বোধহয় খেপাত তাই বুঝি এভাবে বেরিয়ে গেল। 

মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছিল ও। 

আচ্ছা হঠাৎ করে পৃথিবীটা এত সুন্দর হয়ে গেল কেমন করে , এই যে মেঘ গড়িয়ে খানিক বৃষ্টিমতন হয়ে গেল,রাস্তায় কাদা পানিতে সালোয়ার ভিজে নোংরা হয়ে গেল তবু এত ভাল লাগছে কেন ওর। মাছের বাজারের বিচ্ছিরি গন্ধটাও খারাপ লাগছেনা। রিকশা ডেকে রিকশায় ওঠার সময় শান্তা টের পেল ওর চোখটা ভিজে যাচ্ছে। এই ছোট্ট পৃথিবীটা যার প্রতি ওর সহস্র অভিযোগ,অভিমান সেটা আজ এত মায়াময় হয়ে গেল কেমন করে?

বাসার গলিটা বৃষ্টিতে ভিজে নোংরায় মাখামাখি। আধভেজা হয়ে শান্তা বাসায় এসে দেখল বাবা মায়ের ভিতর কয়েক দফা ঝগড়া হয়ে গেছে ,এখন তুই তোকারি পর্যায়ে আছে। 

শান্তার মনটা খারাপ হয়ে গেল। 

ওর ক্ষুধা পেয়েছিল। 

রান্না ঘরে ঢুকে ভাতের হাড়িতে উঁকি দিল। ভাত পুড়ে গেছে। বাবা মায়ের ঝগড়ার কারন অনুধাবন করে শান্তা একটা দীর্ঘশ্বাস ফেলল।

আজকে সারাদিন কিছু খায়নি। এসিডিটি হচ্ছে অনেক। নিজের রুমে এসে পোশাক ছেড়ে এফএম রেডিওটা চালু করল। 

শাহানা বাজপেয়ীর কন্ঠে গান বেজে উঠল

“একটা ছেলে মনের আঙিনাতে

 ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে

বন পাহাড়ী ঝরণা খোঁজে

বৃষ্টিজলে একলা ভেজে…”

শান্তার এখন কান্না পাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে কোন কারন ছাড়াই। শান্তাকে আসলে কেউ বুঝেনা। ও সারাদিন না খেয়ে থাকলেও বাবা মা কেউ এসে খেতে বলবেনা। শান্তার ধারনা ওর বাবা মায়ের একদিন ছাড়াছাড়ি হয়ে যাবে। শান্তা সেদিন কী করবে সেটা সে অনেক আগ থেকেই ভেবে রেখেছে। 


– মেয়েটার নাম্বার জোগাড় করে দে। 

– ওর ফোন নাই দোস্ত। বাসায় টিএন্ডটি আছে,  টিএন্ডটি লাগবে? না ওর বাপের ফোন নাম্বার?

– বাপের নাম্বার! মাথা খারাপ তোর। টিএন্ডটি। 

– মেয়েটা শান্তা নামের মেয়েটার পাশে বসে সবসময়। ওই মেয়েটার কাছে থাকতে পারে। কথা বলব আমি? কথা বললেইতো খেপাবি!  

– খেপাব না। যেভাবেই পারিস একটা ব্যবস্থা করে দে। 

স্যারের ক্লাস শেষে শান্তা মাত্রই বের হওয়ার পায়তারা করছিল। রাশেদ কাছে এসে পথ আগলাল।

– এই মেয়ে তোমার নাম যেন কী?

– জ্বি ভাইয়া?

– আরে কী মুশকিল,আমি ভাইয়া না। তোমার ব্যাচমেট। ক্লাসে আশেপাশে তাকাওনা? ওইদিনও দেখ নাই বইয়ের দোকানে? নাকি না দেখার ভান!

– সরি ভাইয়া! 

– মুশকিলতো!

রাশেদ হো হো করে হেসে উঠল। 

শান্তা বিব্রত হলো। কী বাজেভাবে হাসে ছেলেটা। 

– কাজের কথায় আসি। শোন শান্তা তোমার পাশে যে মেয়েটা বসে,মৌসুমি ওর নাম্বারটা একটু জোগাড় করে দিতে পারো?

শান্তা সতর্ক দৃষ্টিতে তাকাল এইবার।

– কেন? 

রাশেদ চোখ টিপল।

– তোমার নাম্বারতো চাইনি! ওরটা জোগাড় করে দিতে আপত্তি কিসের?

– আমি কী তাই বলেছি! কেন নাম্বার দরকার না জানলে দিব কেন? 

– তুমি খুব বেশি খুকি খুকি। মৌসুমিকে  আমার বন্ধু মিশু পছন্দ করে। 

শান্তা তাকিয়ে রইল কিছু বললনা।

– কী জোগাড় করে দিতে পারবা না?

শান্তা ক্ষীনকন্ঠে বলল,আচ্ছা দিব। 

রাশেদ  হাসল। 

– থ্যাংক ইউ। 

শান্তা একটা নিঃশ্বাস ফেলল। 

ওর হাত পা ঝিমঝিম করছে। গলায় কিছু একটা দলা পাকিয়ে গেছে। কেন হচ্ছে এরকম। আজকিছু খাওয়া হয়নি তাই?

বাসায় ফিরে শান্তা দেখল থমথমে অবস্থা। ওর মা বাবার ভেতর হাতাহাতি হয়ে গেছে। জঘন্য সব গালিগালাজ করছে দুজন দুজনকে। মা কে দেখল ব্যাগ গোছাতে।  মা কি তবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? শান্তাকে কিছু না বলে? 

শান্তা রুমে ঢুকে দরজা বন্ধ করল। 

আলনা হতে প্রিয় নীল শাড়িটা নামাল। নীল টিপ পরল। আর কাজল। ক্যাসেট প্লেয়ারে শ্রীকান্তের একটা গান ছেড়ে দিল। তারপর ড্রয়ার খুলল। অনেকগুলো পেপার কাটিং। ওর প্রিয় নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর।  

সবগুলো পেপার কাটিং একপাশে সরিয়ে ঔষুধের কোটাটা বের করল শান্তা। গুনে গুনে বিশটা ঔষুধ। এরপর ঘুম হবে। 


– কীরে কাহিনী শুনছিস?

– কী?

– মেয়েটা নাকি আইসিইউতে। 

– কোন মেয়েটা?

– ওই যে ওইদিন লাইব্রেরির দোকানটায় যে মেয়েটা দাড়িয়ে ছিল!

– কী হয়েছে?

– ঘুমের ঔষুধ খেয়েছে। ঈদের একদিন আগে। 

রাশেদ থমকে গেল। ওর কাধে ব্যাগ, হাতে ক্রিকেট ব্যাট। কলেজ মাঠে খেলতে যাচ্ছিল ওরা। ওখান থেকে প্রাইভেটে পড়তে যাওয়ার প্ল্যান। 

ব্যাগের ভেতর কয়েকটা গল্পের বই এনেছিল। একটা বইয়ের নাম “হ্যালো সোহানা”।  বইয়ের ভেতরে একটা চিরকুট ছিল। 

সেই চিরকুটটা কাউকে দেওয়ার কথা ছিল। নানা অজুহাতে টুকরো টুকরো কথা বলার ছিল। সেই মেয়েটা তখন আইসিইউতে চুপচাপ ঘুমিয়ে আছে। 

একান্ত নিজস্ব একটা মন খারাপের পৃথিবী বুকে নিয়ে ঘুমিয়ে আছে। 

ওর শান্ত নিষ্পাপ দুটি চোখ আর ঠোঁটজুড়ে হয়ত বেমানান অভিমান। 


তখন শ্রাবণের শেষ। অবিশ্রান্ত বর্ষণ শেষে আকাশ একটু ক্ষান্ত হয়েছে। 

সতের কিংবা আঠার বছরের দুটি ছেলে মেয়ে ভেজা ফুটপাতে বসে আছে। ছেলেটা শক্ত করে মেয়েটার হাত আকড়ে ধরে রেখেছে। 

মেয়েটা এখন কোমল দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। 

একটু আগে শক্ত একটা চড় খেয়ে ঠোঁট কেটে গেছে ওর। 

কলেজ গেট ছেড়ে মাত্র বেরিয়েছিল শান্তা। হঠাৎ করেই ডাকটা শুনল

– এই মেয়ে এদিকে আসো। কথা আছে। 

কাছে আসতেই প্রচন্ড চড়টা খেল। আর কিছু বুঝে ওঠার আগেই হাত ধরে গলির মোড় পর্যন্ত টেনে নিয়ে ফুটপাতে ওকে বসিয়ে দিল রাশেদ। নিজেও বসল। একদম মুখোমুখি। 

শান্তা ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। হাসপাতাল হতে দুদিন আগে ডিসচার্জড হয়েছে। গায়ে এক ফোঁটা শক্তি নেই। অনেক দুর্বল লাগছিল ওর। ছেলেটা মারল কেন ওকে?

রাশেদ গলা পরিষ্কার করল। 

– শোন মেয়ে,তোমার আর কখনো হারিয়ে যাওয়ার ইচ্ছে হলে আমাকে বলবে। আমার কাছে ছুটে আসবে।   বুঝেছ?

শান্তা চুপ করে রইল। 

রাশেদের চোখজোড়া কেমন প্রচন্ড রাগে ধকধক করে জ্বলছে। কিন্তু কন্ঠস্বর শান্ত। 

ছেলেটা এত রেগে আছে কেন?

– কী! কথা বলছো না কেন? এত ভাব কিসের তোমার?

– কী বলব? 

– বলো আসবে কিনা!

শান্তা জবাব দিল না। 

– কথা বলছ না কেন?

শান্তা শূণ্য দৃষ্টিতে রাস্তায় ছুটে যাওয়া রিকশা দেখছিল ফিরে তাকিয়ে  প্রশ্ন করল,কেন তোমার কাছে আসব? 

– কোন প্রশ্ন না। আমি বলেছি তাই ছুটে আসবে। 

শান্তা মৃদু স্বরে বলল,না এলে চড় দিবে আবার?

রাশেদ একটু বিষন্ন  হল। তারপর বলল, দিব না। এবার বোধহয় স্রেফ মরে যাব। 

দীর্ঘ একটাক্ষন ছেলেটার দিকে তাকিয়ে রইল ও। 

কিছু একটা বোঝার চেষ্টা  করল। এক মুহূর্তে ওর পৃথিবীটা কেমন বদলে গেল আবার। রোজ রোজ পৃথিবীটার এত রং বদল শান্তার ভাল লাগেনা। 

তারপর একসময় নিচুস্বরে বলল,ঠিক আছে। আবার হারিয়ে যাওয়ার ইচ্ছে হলে আমি তোমার কাছেই ছুটে আসব। 

রাশেদ উত্তর শুনে  মেয়েটার একটা হাত মুঠোয় করে ওর গালে চেপে ধরল। 

আর চুপ হয়ে থাকা  মেয়েটা টের পেল এই ছেলেটা কাঁদতে জানে। 

8